পাকিস্তানের সাবেক হেড কোচ মিকি আর্থার মনে করেন, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান উচ্চমানের ক্রিকেটার হলেও বর্তমান সময়ের টি–টোয়েন্টি ফরম্যাটের জন্য আর উপযুক্ত নন। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আর্থার বলেন, ‘বাবর ও রিজওয়ান দারুণ খেলোয়াড়, কিন্তু খেলাটির ধরন এখন বদলে গেছে। টি-টোয়েন্টি এখন অনেক বেশি আগ্রাসী ও দ্রুতগতির। তারা আর এই ফরম্যাটের জন্য মানানসই নন।’
মিকি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলেও বর্তমান সময়ের টি–টোয়েন্টিতে প্রয়োজন আক্রমণাত্মক ও ঝুঁকিপূর্ণ ব্যাটিং, যেখানে বাবর ও রিজওয়ান পিছিয়ে পড়ছেন। কিছু দিন আগেই এশিয়া কাপের দল ঘোষণার সময় বাবর-রিজওয়ানের বাদ পড়া প্রসঙ্গে একই ধরনের মন্তব্য করেছিলেন বর্তমান হেড কোচ মাইক হেসন।
আর্থার একইসঙ্গে হেসনের প্রশংসা করে বলেন, ‘তিনি পরিস্কার পরিকল্পনা ও দূরদৃষ্টিসম্পন্ন কৌশল নিয়ে এগোচ্ছেন। হেসনের সঙ্গে সালমান আলি আগাও জাতীয় দলে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।’ এশিয়া কাপ টি–টোয়েন্টির জন্য ঘোষিত দলে বাবর ও রিজওয়ানের বাদ পড়াকে কেন্দ্র করে দেশটির সমর্থক ও ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে বর্তমানে চলছে ব্যাপক আলোচনা।