স্টাইলিশ প্রত্যাবর্তন ওসাকার- ফ্যাশন আর খেলায় ছড়ালেন আলো

লাল গোলাপ খোঁপায় গেঁথে, ঝকঝকে লাল হেডফোন কানে ও স্ফটিক খচিত জ্যাকেট পরে নাওমি ওসাকা প্রবেশ করলেন লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে কোর্টে। ম্যাচের আগে ফুল আর জ্যাকেট খুলে ফেললেও তাঁর খেলার পোশাকের ঝলকানি মিলে যায় কোর্টের পারফরম্যান্সের সঙ্গে। মঙ্গলবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডে গ্রেট মিনেনকে সহজেই ৬–৩, ৬–৪ গেমে হারিয়ে উঠে যান দ্বিতীয় রাউন্ডে। 

ম্যাচ শেষে ওসাকা জানান, এ সাজের পরিকল্পনা বহুদিন ধরে করছিলেন। তবে চুলে গোলাপ সাজানোর ধারণা এসেছে মাত্র দুই সপ্তাহ আগে তাঁর স্টাইলিস্টের সঙ্গে আলোচনা করতে গিয়ে। তিনি বলেন, “ভাবছিলাম, এটা কি সম্ভব? তারপর আমরা নানা আইডিয়া ঘুরিয়েফিরিয়ে দেখলাম। ফলটা আমার কল্পনার চেয়েও ভালো।”

তিনি আরও যোগ করেন, “ক্রিস্টাল দিয়ে পারফরম্যান্স আউটফিট বানানো অনেক জটিল ছিল। তবে নিউ ইয়র্কের আলোয় এটা করার আনন্দটা অন্যরকম। প্রথম ম্যাচটা নাইট ম্যাচ হওয়ায় আমি খুশি, কারণ এই পোশাকটা ছিল আমার ‘নাইট আউটফিট’। আশা করি পরেরবার ‘ডে আউটফিট’ পরব।”

শুধু পোশাক নয়, সঙ্গে ছিল তাঁর বিশেষ মাসকটও—একটি সাজানো–গোছানো লাবুবু। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হওয়া এই ফ্লাফি, তীক্ষ্ণদাঁতের ফিগারটিকে তিনি নাম দিয়েছেন “বিলি জিন ব্লিং”। স্ফটিক দিয়ে সাজানো লাল–সোনালি রঙের লাবুবুটি হাতে ধরে ছিল ঝলমলে নীল টেনিস র‍্যাকেট। ম্যাচ শেষে ওসাকা মজা করে বলেন, “এটার নাম বিলি জিন ব্লিং, তবে কিং নয়। আজ ও মানুষকে হাসিয়েছে, এটা ভেবেই ভালো লাগছে।”

মাতৃত্বকালীন ছুটির পর ফেরার পথে সম্প্রতি কানাডিয়ান ওপেনে ফাইনালে ওঠেন ওসাকা। সেটাই ছিল তাঁর সেরা ফলাফল। ইউএস ওপেনে ২৩ নম্বর বাছাই এই জাপানি তারকা এবার দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন মার্কিন খেলোয়াড় হেইলি ব্যাপটিস্টের।