হত্যাচেষ্টা মামলায় কারাগারে ভিপি প্রার্থী জালাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে তার রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ২টার পর জালালকে থানা হেফাজতে পাঠানো হয়।

ভিপি প্রার্থী জালাল টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। হল প্রাধ্যক্ষ জালালকে মৌখিকভাবে হল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, সিন্ডিকেট সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রবিউল সাংবাদিকদের জানান, জালাল রাত সাড়ে ১২টার দিকে রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকেন, যার ফলে তার ঘুম ভেঙে যায়। শব্দ করতে নিষেধ করলে জালাল তাকে অবৈধ ও বহিরাগত বলে গালিগালাজ করেন এবং প্রতিবাদ করায় তাকে আঘাত করে জখম করেন।

অন্যদিকে, জালাল আহমদ তার ফেসবুক পোস্টে নিজের আহত হওয়ার ছবি প্রকাশ করে দাবি করেন, অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিস পাঠানোর প্রাক্কালে রবিউল তাকে মারধর করেছে। তিনি বলেন, রবিউল গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।

মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ

থাকবে : ডাকসু নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাবি প্রশাসন ৮ ও ৯ সেপ্টেম্বর মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে মেট্রোরেল কর্র্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। ডাকসু ও হল সংসদের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ৮ সেপ্টেম্বর বিকেল থেকে ৯ সেপ্টেম্বর সারাদিন স্টেশন বন্ধ থাকবে। ভোটের দিন শুধু বৈধ ভোটাররা নির্দিষ্ট কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

ব্যানার-ফেস্টুন অপসারণ : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে ব্যানার-ফেস্টুন টানানোর অভিযোগে প্রশাসন পদক্ষেপ নিয়েছে। প্রক্টরিয়াল টিম ও টাস্কফোর্স সদস্যরা টিএসসি ও আবাসিক হলগুলোর গেট থেকে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এবং ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন জানান, আচরণবিধি অনুযায়ী শুধু সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহারের অনুমতি রয়েছে। কাপড় বা পিভিসির ব্যানার-ফেস্টুন নিষিদ্ধ। প্রার্থীদের বিকেল ৩টার মধ্যে এগুলো সরানোর নির্দেশ দেওয়া হলেও অমান্য করায় প্রশাসন নিজ উদ্যোগে অপসারণ করেছে।

ভোটপ্রদান প্রক্রিয়া নিয়ে আবিদের শঙ্কা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে ৪১টি ভোট দিতে হবে, যা প্রতি ভোটে ৮-১০ মিনিট সময় নিতে পারে। এতে প্রতি ঘণ্টায় একটি কেন্দ্রে সর্বোচ্চ ১৬০ ভোট পড়বে, দিনে মোট ১২৮০ ভোট। কিন্তু প্রতি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৫০০-এর বেশি। তিনি আশঙ্কা করেন, এত কম সময়ে সব ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা কঠিন হবে। তিনি আরও অভিযোগ করেন, টিএসসিতে আলোকসজ্জা ও কনসার্টের মাধ্যমে এক প্রার্থী ইশতেহার ঘোষণা করেছেন, যা আচরণবিধি লঙ্ঘন।

রেজিস্ট্রার ভবন ডিজিটালাইজেশনের প্রতিশ্রুতি : শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জয়ী হলে রেজিস্ট্রার ভবনকে পুরোপুরি পেপারলেস ও ডিজিটালাইজড করা হবে। তিনি জানান, বর্তমানে শিক্ষার্থীদের ভর্তি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কাজে একাধিকবার কাগজপত্র জমা দিতে হয় এবং ব্যাংকে লেনদেনের পরও হয়রানির শিকার হতে হয়। তিনি অনলাইনের মাধ্যমে আবেদন ও পেমেন্ট সম্পন্ন করার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার জন্য আলাদা সেল গঠন ও পার্টটাইম চাকরির সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা : গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘন এখন নিয়মে পরিণত হয়েছে। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কমিশন ব্যবস্থা না নেওয়ায় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় নেমেছেন। তিনি জানান, ক্যাম্পাসে অস্বস্তি ও ভয়ের পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে ১৯৯০ সালের গেস্টরুম-গণরুম সংস্কৃতির পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর থেকে ক্যাম্পাসে মোরাল পুলিশিং বেড়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।