ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান আবারও ব্যর্থ হলেন। ব্যাট হাতে বেমানান ইনিংসের পর অবশ্য বল হাতে চেষ্টা করেছেন। তবে সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তরোবায় ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৬ রান তুলেছিল অ্যান্টিগা। পাঁচে নেমে সাকিব করেন ১৪ বলে ২ চারে ১৩ রান। দলের সর্বোচ্চ ৩১ বলে ৪০ রান করেন ওপেনার জোয়েল অ্যান্ড্রু। শেষদিকে ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭ আর উসামা মির ২৬ বলে ৩৪ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন। ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো।
এদিন সাকিবকে দিয়ে ৪ ওভার বোলিং করিয়েছেন অ্যান্টিগা অধিনায়ক। ২৫ রান খরচায় বাংলাদেশের অল-রাউন্ডার নিয়েছেন ১ উইকেট। ত্রিনবাগোর কিয়েসি কার্টি ৪৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৬০ রান। অন্যদিকে অ্যালেক্স হেলস ৪৬ বলে ৬ চারে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বড় ব্যবধানে হারলেও ৭ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সাকিবের দল।