ইনজুরির সঙ্গে লড়াই করেই কেটে যাচ্ছে নেইমারের ক্যারিয়ার। চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দলেও তার জায়গা হয়নি। ক্যারিয়ারের অনেকটা সময় বাকি থাকলেও এখনই তাকে খেলত হচ্ছে ব্রাজিলের ক্লাব সান্তোসে। সেই নেইমারকেই নিজের বর্তমান ক্লাব রোজারিও সেন্ট্রালে পেতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া।
গত রবিবার ১২০ বছরের পুরনো আর্জেন্টাইন ক্ল্যাসিকোতে নিওয়েল’স ওল্ড বয়েজ ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে রোজারিও সেন্ট্রাল। ফ্রি কিক থেকে একমাত্র গোলটি করেছেন ডি মারিয়া। ম্যাচ শেষে আর্জেন্টাইন কিংবদন্তিকে জিজ্ঞেস করা হয়, রোজারিওতে কোন বৈশ্বিক তারকাকে সতীর্থ হিসেবে পেতে চান? এক মুহূর্ত না ভেবে ডি মারিয়া বলে দেন তার সাবেক পিএসজি সতীর্থ নেইমারের নাম।
ব্রাজিল সুপারস্টারকে কেন রোজারিওর সতীর্থ হিসেবে পেতে চান, সেই ব্যাখ্যায় ডি মারিয়া বলেছেন, ‘এর কারণ নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা। আমি তাকে খুব ভালোবাসি। আমাদের মধ্যে সম্পর্কটাও চমৎকার। এখনো যোগাযোগ হয়। আমি জানি সে আর্জেন্টাইন ফুটবলকে কতটা পছন্দ করে এবং এটাও জানি সে সেন্ট্রাল-নিওয়েল’স ম্যাচে থাকতে চাইত।’
জাদুকরী ফুটবলে দীর্ঘদিন ইউরোপ মাতিয়েছেন নেইমার। তার পতনের শুরুটা হয় বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যাওয়ার পর। ফরাসি লিগ ছাড়া কিছুই জিততে পারেননি। এরপর চলে যান সৌদি ক্লাব আল হিলালে। কিন্তু চোটের কারণে ক্লাব তার সঙ্গে চুক্তি বাড়ায়নি। বাধ্য হয়ে ৩৩ বছর বয়সী নেইমার ফেরেন ব্রাজিলে নিজের শৈশবের ক্লাব সান্তোসে। চোট জর্জর হয়েও তিনি এ মৌসুমে ১৯ ম্যাচে ৬ গোল করেছেন।