১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের সব পরীক্ষা স্থগিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত করেছে। 

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এনএম গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া, একাডেমিক কাউন্সিলে আলোচনা সাপেক্ষে পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে একই দিন সকালে তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে দুপুরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে আন্দোলন ছত্রভঙ্গ করে। পরে শিক্ষার্থীরা আবারও শাহবাগে জড়ো হন এবং রাত সাড়ে ১০টার দিকে মোড় ছাড়েন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করতে না দেওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ বন্ধসহ সাত দফা দাবিতে আন্দোলনরত রয়েছে।