আনুষ্ঠানিকভাবে প্রথম ইশতেহার ঘোষণা করল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রথম ইশতেহার প্রকাশ করল ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত আকারে এ ইশতেহার পাঠ করেন।

ঘোষিত ইশতেহারে মোট ১০টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়। এর মূল প্রতিপাদ্য হলো—

১. শিক্ষা ও গবেষণাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক, প্রাণবন্ত, নিরাপদ ও বসবাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলা।
২. নারী শিক্ষার্থীর নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ।
৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত চিকিৎসা সুবিধা, স্বাস্থ্যবীমা ও বিশেষ চাহিদাসম্পন্নদের শিক্ষা ও চলাচলে সহায়তা।
৪. পাঠ্যক্রম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়ন।
৫. পরিবহন ব্যবস্থার সংস্কার, ব্যাটারিচালিত শাটল সার্ভিস চালু ও সহজ যাতায়াত নিশ্চিত করা।
৬. হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাসকেন্দ্রিক কর্মসংস্থানের ব্যবস্থা।
৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার।
৮. শিক্ষার্থীদের ডিজিটাল সুবিধা বাড়ানো, সাইবার সিকিউরিটি জোরদার করা ও সাইবার বুলিং প্রতিরোধ।
৯. পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস গঠন।
১০. ডাকসুর কার্যকারিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি জোরদার।