খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে নৃশংসভাবে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। 

তিনি বলেন, ঘটনার দিন দাদীর বাড়িতে গিয়ে অভিযুক্ত সাইফুলে টাকা চাইলে দিতে অস্বীকার করায় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে সেখানেই হত্যার পরিকল্পনা করে সে। এরপর সবাই ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তারকে ও পরে পাশের ঘরে থাকা দাদী আমেনা খাতুনকে হত্যা করে সাইফুল। এ ঘটনায় মামলা হলে বুধবার বিকেলে ফেনী ছাগলনাইয়া থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামি সাইফুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

গত ২১ আগস্ট রামগড়ের বাগান টিলায় নিজ বাড়ি থেকে মা আমেনা খাতুন ও মেয়ে রাহেনা আক্তারের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ২২ আগস্ট রাহেনার ছেলে হাসান বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা করেন।