অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও ফ্লাইট যুক্ত করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিমানবন্দরের জমিতে অবৈধভাবে বসবাসরত ব্যক্তি ও সাধারণ জনগণকে চলমান উন্নয়ন কাজে সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা।
সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছেন এবং প্রায় এক ঘণ্টা বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি নির্মাণাধীন আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি ভবনের আগমন লাউঞ্জ, চেক-ইন কাউন্টার, প্রস্তাবিত অভিবাসন এলাকা, মেজানাইন ও বিভিন্ন উচ্চতা সম্পন্ন এলাকা ঘুরে দেখেন। পরে তিনি সম্প্রসারিত রানওয়ে পরিদর্শন করেন। এরই মধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে।
টার্মিনাল পরিদর্শন শেষে দুপুর পৌনে ১টায় তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহবুব সিদ্দিকীর সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের সাথে কথা বলেন।
এ সময় বেবিচক চেয়ারম্যান বলেন, সম্প্রসারিত রানওয়ে ভবিষ্যতে বড় বড় বিমান অবতরণের সুযোগ সৃষ্টি করবে। এজন্য ভবিষ্যতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এরই মধ্যে ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়েকে সম্প্রসারণ করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি যাত্রী টার্মিনাল ভবন নির্মাণের কাজ চলছে।