জাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন পেলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মীর মশাররফ হোসেন হল শাখার সভাপতি ও বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদী। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ১৩ নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।

যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আছেন আঞ্জুমান আরা ইকরা।

প্যানেলের অন্যান্য পদে যারা মনোনীত হয়েছেন তারা হলেন-শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক মো. আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. তাওহিদুর রহমান খান।

এছাড়াও সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রুহুল আমিন সুইট এবং সহ-ক্রীড়া সম্পাদক (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু। এছাড়া, পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মমিনুল ইসলাম।

জাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার (২৯ আগস্ট) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর থেকে শুরু হবে প্রচার-প্রচারণা।

আগামী ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।