সড়ক ছাড়লেন শেকৃবি শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায়ের জন্য পূর্ব ঘোষিত ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন। 

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তারা এ কর্মসূচি পালন করে।

বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি স্থায়ী হয় দেড় ঘণ্টা। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

অবরোধ চলাকালে আগারগাঁও এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

শিক্ষার্থীরা জানান, কৃষিবিদদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কৃষিবিদদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উপেক্ষিত হচ্ছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির সুযোগ না রাখা এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এর আগে বুধবার রাতে শেকৃবি শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি ঘোষণা করে। একই রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিলও করে।