শেষে এসে জয়ের মুখ দেখলো ‘সবুজ’

পুরো টুর্নামেন্টজুড়ে একের পর এক হারের কষ্ট সহ্য করার পর অবশেষে শেষ ম্যাচে এসে জয়ের আনন্দ পেলো বিসিবি নারী সবুজ দল। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়োজিত চ্যালেঞ্জ কাপের শেষ ম্যাচে ‘লাল’ দলকে ২ উইকেটে হারিয়ে জাতীয় দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তারের ‘সবুজ’ দল।

আগে ব্যাট করা লাল দল ১৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ১৫৫ রানে। সবুজ দলের স্বর্ণা আক্তার ২৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। ২টি উইকেট নেন ফারিহা তৃষ্ণা। লাল দলের হয়ে একাই লড়াই করেন শারমিন সুলতান। সর্বোচ্চ ৭৩ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্ক ছোঁন মাত্র দুজন, ইশমা তানজিম (১৭) ও মারুফা আক্তার (১২)।

বোলিংয়ের পর ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন স্বর্ণা। খেলেন ৫৬ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই জয়ের ভিত গড়ে সবুজ দল। এছাড়া আফিয়া আসিমা ইরা ২৩ ও সোবহানা মোশতারি ১৪ রান করেন। নারী প্রিমিয়ার লিগ এবং বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ উইকেট শিকারী জান্নাতুল ফেরদৌস সুমনা ৭ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাহিমা খাতুনও ৩ উইকেট শিকার করেন ৩৪ রানে। কিন্তু তা যথেষ্ট ছিল না। ৯ বল ও ২ উইকেট হাতে রেখে লক্ষ্য ছোঁয় সবুজ দল। এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ জাতীয় দল।