গাজীপুরে ডিবি পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে ব্যবসায়ী নিখোঁজ

গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) দেখে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে আমজাদ হোসেন নামে এক বালু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

তবে তার স্বজনরা অভিযোগ করেন, ডিবি পুলিশের তাড়া খেয়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার ২৮ বিকেল চারটা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে ওই ব্যবসায়ীর মরদেহের কোন সন্ধান মেলেনি বলে জানা গেছে। 

নিখোঁজ আমজাদ হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাঁঠালিয়া পাড়া এলাকায় ইদ্রিস আলীর ছেলে। আমজাদ হোসেনের দুই ছেলে ও স্ত্রী রয়েছে।

নিখোঁজ ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসে ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। এসময় একটি হাইসংযোগে ৭-৮ জনের একদল লোক ওই এলাকায় যায়। তখন ডিবি পুলিশ দেখে আমজাদ হোসেন দৌড়ে পালোনোর চেষ্টা করেন। একপর্যায়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দেন। পরে ডিবি পুলিশ ওই এলাকা ত্যাগ করলে স্বজন ও এলাকাবাসী নদে রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে কাজ শুরু করে। তবে বিকাল চারটা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা।

নিখোঁজ আমজাদ হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, আমজাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। বুধবার সন্ধ্যার দিকে ডিবি পুলিশ আসলে তাদের হাত থেকে রক্ষা পেতে আমজাদ নদীতে ঝাঁপ দেয়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে তুরাগ নদে উদ্ধার তৎপরতা চালাচ্ছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তার হদিস মেলেনি।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আমির হোসেন বলেন, ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধে মহাসড়কে ডিবি পুলিশের টিম কাজ করে। ওই বালু ব্যবসায়ী ডিবি পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন। তাকে গ্রেপ্তার বা আটক করার জন্য গোয়েন্দা পুলিশের কোন টিম ওখানে যায়নি। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, বুধবার সন্ধ্যায় আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।