নারায়ণগঞ্জ 

‘সাংবাদিক’ পরিচয়ে পাসপোর্ট অফিসে দালালি, ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিক পরিচয়ে দালালি করতে গিয়ে আটক হয়েছেন শফিকুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অফিস কর্তৃপক্ষ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই দণ্ড প্রদান করেন।

ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ভুয়া সাংবাদিক পরিচয়ে চারজন সাধারণ নাগরিকের পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি তাদের কাগজপত্রে নিজের কিছু নথি যুক্ত করেন এবং এ বাবদ টাকা নেন। কিন্তু ওই চারজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার কাছ থেকে ‘আমাদের জাগরণ’ নামের একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে, যেখানে বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া আছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমদ বলেন, ‘আমরা দালালচক্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি। সাংবাদিক পরিচয় বা যেকোনো ভুয়া পরিচয়ে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পাসপোর্ট অফিসে দালালদের স্থান নেই। এ ধরনের অপকর্ম দমনে অভিযান অব্যাহত থাকবে।’