গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতেই হবে: আমিনুল হক

রাষ্ট্রে গুমের মতো ভয়াবহ অন্যায়ের কোনো স্থান নেই জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতেই হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত চিত্র প্রদর্শনী ঘুরে দেখার সময় তিনি এ কথা বলেন।

প্রদর্শনীতে নিখোঁজদের পরিবারের দীর্ঘদিনের বেদনা, অপেক্ষা ও শূন্যতার করুণ বাস্তবতা শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। শিল্পকর্মের প্রতিটি আঁচড়ে প্রকাশ পায় গুমের বিভীষিকা, প্রিয়জন হারানোর অসহায়তা এবং ন্যায়বিচারের আকাঙ্ক্ষা।

আমিনুল হক বলেন, গুম শুধু একজন মানুষকেই কেড়ে নেয় না, এটি একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। একজন সন্তানের অভাব তার বাবা-মাকে, স্বামীর অভাব স্ত্রীকে কিংবা বাবার অভাব সন্তানকে আজীবন কষ্ট দেয়। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় তিনি গুম হওয়া পরিবারের পাশে থাকার অঙ্গীকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।