দিনাজপুরে স্থানীয়দের সঙ্গে তৌহিদী জনতার সংঘর্ষে আহত ২০

দিনাজপুরের বিরলে জীবন মহল নামে একটি বিনোদন পার্কের লোকজনের সঙ্গে তৌহিদী জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবন মহল পার্কের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ জন সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।  

জানা যায়, জীবনমহল পার্কে দীর্ঘদিন ধরে রেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপ হয়ে আসছে। পাশাপাশি পার্কের ভেতরে একটি দরবার শরীফ গড়ে তোলা হয়েছে। সম্প্রতি পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে ও পার্ক কর্তৃপক্ষকে জেল জরিমানা প্রদান করে। এই ঘটনার পর থেকে তৌহিদী জনতার ব্যানারে পার্কের অসামাজিক কার্যকলাপ ও দরবার শরীফ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গত বৃহস্পতিবার বিরল মডেল মসজিদে তৌহিদী জনতার ব্যানারে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় বৃহস্পতিবার জীবন মহলের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়। এর মধ্যে জীবনমহল কর্তৃপক্ষ তাদের মানববন্ধনের প্রতিবাদে একই সময়ে জীবন মহলের সামনে তারা প্রতিবাদ সমাবেশ শুরু করে। 

বৃহস্পতিবার দুপুর ২টায় জীবন মহলের কর্মচারী ও আশেপাশের এলাকাবাসী পার্কের পক্ষে মানববন্ধন কর্মসূচি শুরু করে। বিকেল ৩টায় তৌহিদী জনতা দিনাজপুর শহর ও বোচাগঞ্জ থেকে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জীবন মহলের সামনে এসে বিক্ষোভ শুরু করে এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন সাংবাদিকসহ উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় বিক্ষোভ জনতা জীবনমহল পার্কে হামলা চালিয়ে ব্যাপক চালায় ও পাঁচ জন সাংবাদিকের মোটরসাইকেলসহ ১০টি যানবাহন ভাঙচুর করে। এ সময় পার্কে অবস্থিত দরবার শরীফে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার জানান, আমরা আগে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। তারা কোন ধরনের সংঘর্ষে জড়াবেন না বলে জানিয়েছিল। তবে তৌহিদী জনতা ও স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।