সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে নিয়ে একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় তিনি এক ছাত্রের মুখ চেপে ধরছেন।
তবে এই ছবি বাস্তব নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বলে দাবি করেছে ডিএমপি।
এই ঘটনায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের ছবি তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়েছে।
তিনি বলেন, ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে বুঝা যায় তা সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অন্তরায় সৃষ্টি করতে পারে।
পাশাপাশি, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ছবি শেয়ার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেছে ডিএমপি।