সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন হাবিবুর রহমান সিদ্দিকী

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

এতে বলা হয়, প্রধান বিচারপতির সানুগ্রহ অভিপ্রায়ের প্রেক্ষিতে হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ/ বদলি করা হলো।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঁঞা গত ২৫ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২৬ আগস্ট তিনিসহ হাইকোর্টে নিয়োগপ্রাপ্ত ২৫ জন অতিরিক্ত বিচারপতি প্রধান বিচারপতির কাছে শপথ নেন।

এদিকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লা এই বিভাগের সচিবের (চলতি দায়িত্ব) দায়িত্ব পেয়েছেন। আজ আইন ও বিচার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আইন ও বিচার বিভাগের সচিব পদে দায়িত্ব পালন করে আসা শেখ আবু তাহের গত ২৫ আগস্ট হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে শপথ নেন।

এদিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. নুরে আলমকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ আইন ও বিচার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এ বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।