সারাদেশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।শুক্রবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস বুলেটিনে বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পূর্বাভাস থেকে জানা গেছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম,  ময়মনসিংহ ও সিলেট বিভাগের  কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেবে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্রিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।