ডাকসু নির্বাচনে মোবাইল জার্নালিজম নিয়ে ক্ষোভ প্রকাশ উমামা ফাতেমার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ডিজিটাল মোবাইল জার্নালিজম নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগকে মোবাইল জার্নালিজম কঠিন করে তুলছে। প্রতিটি পদক্ষেপ ভিডিও করা আসলেই কতটা যুক্তিযুক্ত, সেটি বড় প্রশ্ন।”

তিনি আরও উল্লেখ করেন, “বারবার অনুরোধ করার পরও কিছু সাংবাদিক নীতিবহির্ভূতভাবে ভিডিও করছেন। কারও সম্মতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ করা হচ্ছে এবং অনেক সময় সেগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।”

সাংবাদিকদের উদ্দেশে উমামা বলেন, “অনুগ্রহ করে প্রার্থী ও ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। কাউকে বিব্রত করে কিংবা অনুমতি ছাড়া ভিডিও প্রচার করে যেন ভোটের পরিবেশ নষ্ট না হয়।”