নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের জয়

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন প্যানেল ১৭ পদের মধ্য বিএনপি সমর্থিত সরকার হুমায়ূন কবির ও এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন ১৬টি পদেই বিজয়ী হয়েছেন।

তবে, শুধুমাত্র একটি সদস্য পদে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আফরোজা জাহান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া।  

এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বার ভবনের তৃতীয় তলায় উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। এক হাজার ১৭২ জন ভোটারের মধ্যে ১০৫৩ জন ভোট দেন। 

আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশন জানায়, বিজয়ী অন্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আ. গাফ্ফার, সহ-সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ।

এছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম, আবু রায়হান ও আফরোজা জাহান।

এদিকে সকাল থেকে তিন প্যানেলের সমর্থনে আইনজীবী ও শীর্ষ নেতারা পৃথক তিনটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন। ভোট নিয়ে আতঙ্ক থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।