রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ মোট ১৬ জনকে শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে তাদের কারাগারে পাঠানোর আবেদন জানান।
এ আবেদনের শুনানি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।
আসামিদের তালিকায় রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম ওরফে বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।