আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির জীবনের প্রতিটি মুহূর্ত যেন ভক্তদের কাছে একেকটি গল্প। এবার সেই গল্পের নতুন সংযোজন হয়ে উঠেছে মেসির স্ত্রী অন্তোনেলা রোক্কুজ্জোর মোবাইলের ওয়ালপেপার। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত লিগস কাপের সেমিফাইনাল ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ে জোড়া গোল করে দলকে ফাইনালে তুলে নেন মেসি। ম্যাচ শেষে মাঠের বাইরের একটি মুহূর্ত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
ম্যাচ শেষে মেসি যখন তার তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোর সঙ্গে গ্যালারিতে এসে জড়িয়ে ধরেন, সেই মুহূর্ত ছিল আবেগঘন। আর ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে, গ্যালারিতে দাঁড়িয়ে থাকা অন্তোনেলার হাতে থাকা মোবাইল ফোনটি। সেই ফোনের ওয়ালপেপারে দুই বছর আগে কাতার বিশ্বকাপ ফাইনাল জিতে বহু আরাধ্য শিরোপায় লিওনেল মেসির চুমু খাওয়ার ছবি!
ছবিটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোড়ন। ‘এক্স’-এ ভক্তরা লিখেছেন, ‘সবাই অন্তোনেলা হতে চায়!’ কেউ লিখেছেন, ‘এই ভালোবাসা, এই গর্ব—আমরাও অনুভব করি।’ আরেকজন লিখেছেন, ‘এক ছবিতে সমস্ত ইতিহাস...একটাই রাজা।’ উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।