এক হালি গোলের পরাজয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

এশিয়া কাপ হকিতে হতাশাজনক সূচনা হলো বাংলাদেশের। ভারতের বিহার রাজ্যের রাজগিরে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হার মানতে হয়েছে রেজাউল করিম বাবুর নেতৃত্বাধীন দলকে। যদিও বিশ্ব র‍্যাংকিংয়ে দুই নম্বরে থাকা মালয়েশিয়ার বিপক্ষে হার অনুমেয়ই ছিল।

ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য ছিল আশাব্যঞ্জক। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ১৬তম মিনিটে একটি পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম। ১-০ গোলে এগিয়ে থেকে কিছুটা চমকই দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২৫তম মিনিটে মালয়েশিয়ার হামসানি আসরান ফিল্ড গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)।

আশরাফুলের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ

এরপর তৃতীয় কোয়ার্টারে মালয়েশিয়ার দাপট স্পষ্ট হয়ে ওঠে। ৩৬ মিনিটে আনোয়ার আকিমুল্লাহর স্ট্রাইক, ৪৮ মিনিটে আবদু রউফ মোহাজির এবং ৫৪ মিনিটে কোলান সাইদের গোল—বাংলাদেশকে চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রেজাউল করিমদের। এশিয়া কাপে বি গ্রুপে থাকা বাংলাদেশ আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চাইনিজ তাইপের।