পটিয়ায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালকসহ আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছেন। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স চালক ছৈয়দ (৫০) ও যাত্রী আব্দুল আলিম (৩৪) গুরুতর আহত হন। এ ছাড়া আরও ৩ জন আহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত ডা. সুব্রত দে জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ছৈয়দের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।