চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে অবশ্যই তার মাদক পরীক্ষার ফল জমা দিতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তফসিল অনুযায়ী ডোপ টেস্টের কথা না থাকলেও এটি নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থী নিজে ছাড়া এই পরীক্ষার ফল আর কেউ জানতে পারবে না—এটি গোপন রাখা হবে। ডোপ টেস্টের ফল পজিটিভ হলে সেই প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে কারও যদি ওষুধজনিত কারণে ফল পজিটিভ আসে, সেক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে গিয়ে ডোপ টেস্ট করাতে হবে এবং এজন্য দিতে হবে ৩৭৫ টাকা ফি। পাশাপাশি হল সংসদের মনোনয়নপত্র তুলতে ২০০ টাকা ও কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা দিতে হবে। অর্থাৎ সর্বোচ্চ ৬৫০ টাকা খরচ হতে পারে একজন প্রার্থীর।

ডোপ টেস্টের ফল এক ঘণ্টার মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়া চাকসু নির্বাচনসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানান নির্বাচন কমিশনের সদস্যসচিব।