রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠার ৬৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে একজন নারী শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান।
শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।
রাকসু নির্বাচনে ভিপি পদে নারী প্রার্থী তাসিন খান বলেন, রাকসু নিয়ে যে পরিমাণ সম্ভাবনা এবং আশা-আকাঙ্ক্ষা ছিল, তা দিন দিন কমে আসছে। রাকসু একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হলেও নির্বাচন কমিশন সাধারণ শিক্ষার্থীদের উপেক্ষা করে শুধুমাত্র কয়েকটি সংগঠনের মতামত ও দাবির ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে, যা খুবই হতাশাজনক। চতুর্থবারের মতো তফসিল ও নির্বাচনের দিন পরিবর্তন আমাদের মনে শঙ্কার সৃষ্টি করেছে।
তিনি আরও যোগ করেন, নির্বাচনের জন্য উপযুক্ত ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নেয়নি। একজন নারী প্রার্থী হিসেবে এটি আমার জন্য আরও ভয়াবহ হতে পারে। সাইবার বুলিং রোধেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু প্রার্থীই নন, ভোটারদের নিরাপত্তাও অনিশ্চিত। এগুলো খুবই হতাশার।
জয়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, আমি আশাবাদী। আমার কাজ, ইশতেহার ও তৎপরতা বিবেচনা করে যদি শিক্ষার্থীরা আমাকে যোগ্য মনে করেন, তাহলে তারা আমাকে নির্বাচিত করবেন। তাই জিতব কি না, সেই সমীকরণে না গিয়ে আমি কাজে ফোকাস করছি। নির্বাচিত হই বা না হই, আমার ক্যাম্পাস-কেন্দ্রিক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাব। তবে নির্বাচিত হলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারব।
নারী প্রার্থী হিসেবে প্রতিবন্ধকতার প্রশ্নে তাসিন খান বলেন, আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। আমার কোনো সাংগঠনিক সমর্থন, বিশাল ফান্ডিং বা কর্মীবাহিনী নেই। অথচ একজন নারী প্রার্থী হওয়ায় আমার বুলিং, হয়রানি ও অন্যান্য অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা বেশি। তবে আমি সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। জুলাই মাসে মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি, তাই ভয় এখন খুব কমই কাজ করে।
গত ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাকসু প্রতিষ্ঠার পর ১৯৬২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ১৪টি নির্বাচনে কোনো নারী ভিপি প্রার্থী বা নির্বাচিত ভিপি দেখা যায়নি। এবারের নির্বাচনে তাসিন খানই শুধু নন, ছাত্রী হলের একাধিক ছাত্রীও কেন্দ্রীয় সংসদের শীর্ষ পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। তবে ভাইস প্রেসিডেন্ট পদে তিনিই প্রথম।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৬ ও ৭ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।