নওগাঁয় গণঅধিকার পরিষদ থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নওগাঁ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি এবাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা।

এবাদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নীতি, নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে গণঅধিকার পরিষদ। যারা মাঠে-ময়দানে সর্বস্ব দিয়ে সংগঠন গড়ে তুলেছেন, তাদের কোনো মূল্যায়ন নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করা হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অপমানজনক।

তিনি আরও বলেন, দলের অভ্যস্তরে মতামতের কোনো মূল্য নেই। ওপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি নওগাঁ জেলা গণঅধিকার পরিষদের সব অঙ্গসংগঠনের নেতাদের মৌখিক ভোট উপেক্ষা করে জেলা কমিটি গঠনের জন্য একটি উপ-কমিটি গঠন করা হলেও তাদের সিদ্ধান্তের তোয়াক্কা না করে অলৌকিক ক্ষমতায় কমিটি ঘোষণা করা হয়েছে। যা ওই উপ-কমিটিই জানে না। মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও নিয়ন্ত্রণ করছে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ। যা সম্পূর্ণ সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী।

এছাড়াও তিনি অভিযোগ করেন, বিভিন্ন কমিটি গঠনে কমিটি বাণিজ্য হয়েছে। কোনো কর্মসূচি করতে হলে কেন্দ্রীয় নেতাদের আনতে জেলা থেকে অর্থ সংগ্রহ করতে বলা হয়। যা এক প্রকার চাপ ও অবিচার। নতুন ধারার রাজনীতির কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে পুরোনো ধ্যানধারণা ও আচরণেই চলছে সবকিছু। শুধু নওগাঁ জেলা নয়, রাজশাহী বিভাগীয় কমিটি ক্ষমতার অপপ্রয়োগ করে সংগঠনের প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছে।

নওগাঁ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, নওগাঁ জেলায় গণঅধিকার পরিষদের কমিটিতে অযোগ্য ব্যক্তিকে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। এখানে স্বজনপ্রীতি করে কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান কমিটিকে প্রত্যাখ্যান করে আমরা নওগাঁ জেলায় গণঅধিকার পরিষদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। গণঅধিকার পরিষদের অস্তিত্ব নওগাঁতে থাকবে না।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই সংগঠনের বর্তমান কমিটি ঘোষণার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।