জিএম কাদের গ্রেপ্তার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটসে এমন হুঁশিয়ারি দেন তিনি।

নুরুল হক নুর তার স্ট্যাটাসে লিখেছেন, 'জি এম কাদেরকে গ্রেফতার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে।'

গণঅধিকার পরিষদের এ নেতার এমন স্ট্যাটাসের কিছুক্ষণ আগে তার দলের নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

এ নিয়ে উভয় পক্ষই পাল্টা অভিযোগ করেছে। জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। অন্যদিকে, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছুটে যায়।

উল্লেখ্য, সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সব বিতর্কিত নির্বাচনেই অংশ নিয়েছে। সংসদে তারা একদিকে যেমন বিরোধীদলীয় ভূমিকায় ছিল, অন্যদিকে সরকারের মন্ত্রিসভায়ও অংশ নিয়েছে।

গণঅধিকার পরিষদসহ কিছু রাজনৈতিক দলের দাবি, সরকারের কার্যক্রমকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি সহযোগীর ভূমিকা পালন করেছে। তাদের দাবি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।