মাসতিনেক আগে, মিউনিখের সেই জাদুকরি রাতে ইন্তার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজির জন্য ইউরোপ সেরার মুকুট ধরে রাখতে সামনে বন্ধুর পথ। বৃহস্পতিবার মোনাকোতে হয়ে যাওয়া ড্র তে পিএসজি লিগ পর্বের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতালান্তা, বেয়ার লেভারকুজেন, টটেনহ্যাম, স্পোর্তিং লিসবন, নিউক্যাসল ও অ্যাথলেটিক বিলবাওকে। রানার্স আপ ইন্তার মিলান ঘরের মাঠে খেলবে লিভারপুল, আর্সেনাল, স্পার্টা প্রাগ ও কাইরাত আলমাতি’র সঙ্গে; খেলতে যাবে বরুশিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, আয়াক্স ও ইউনিয়ন এসজি’র মাঠে।
চ্যাম্পিয়নস লিগ আর রিয়াল মাদ্রিদ যেন সমার্থক। গত মৌসুমে আর্সেনালের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল লস ব্লাংকোসরা। ১৫টা ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল তাদের ১৬তম শিরোপার মিশনে শুরুতেই মুখোমুখি কঠিন সব প্রতিপক্ষের। রিয়াল ঘরের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই আর মোনাকোর বিপক্ষে। খেলতে যাবে লিভারপুল,বেনফিকা, অলিম্পিয়াকোস আর কাইরাত আলমাতির মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলের জন্য মহাদেশীয় শিরোপার পথে যাত্রায় প্রথমেই প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবে দুই মাদ্রিদ রিয়াল ও আতলেতিকো, পিএসভি আইন্দোভেন আর কারাবাগ। অলরেডরা খেলতে যাবে ইন্টার মিলান, ফ্র্যাঙ্কফুর্ট, মার্সেই আর গ্যালাতাসারেই এর মাঠে।
বৃহস্পতিবারের ড্র বেশকিছু পূনর্মিলনীর স্মৃতিও তৈরি করবে আসন্ন মৌসুমে। তবে যেমনটা হয় সব ফিরে আসাই সুখের স্মৃতি তৈরি করে না! ট্রেন্ট আলেক্সান্ডার লিভারপুর থেকে গিয়েছেন রিয়াল মাদ্রিদে। অল হোয়াইটদের হয়ে অলরেডদের অ্যানফিল্ডে এলে হয়তো সমর্থকদের দুয়োধ্বনিই শুনতে হবে এই ডিফেন্ডারকে। কেভিন ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটির ইত্তেহাদ স্টেডিয়াম ছেড়ে পাড়ি জমিয়েছেন ইতালির নাপোলিতে, নতুন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে তাকে আসতে হবেই এখানেই! তবে সবচাইতে বড় প্রত্যাবর্তন বোধহয় হ্যারি কেইনের। এই ইংলিশ তারকা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে আসবেন তারই পুরানো ক্লাব টটেনহামের বিপক্ষে। হটস্পার সমর্থকরা ‘হটহেড’ হয়ে দুয়োধ্বনি শুনিয়েও দিতে পারে এক সময়ের ঘরের ছেলে কেইনকে।
সেপ্টেম্বরের ১৬-১৮তে শুরু হবে খেলা, দ্বিতীয় ম্যাচ ডে সেপ্টেম্বর ৩০ ও অক্টোবর ১; লিগ পর্ব শেষ হবে ২৮ জানুয়ারি ২০২৬। ৩০ মে ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টে। এবারের মৌসুমের ফাইনালের সময় এগিয়ে আনা হয়েছে ৩ ঘন্টা। সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম রাত ৯টার পরিবর্তে ফাইনালের কিক-অফ হবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের নির্বিঘ্নে পাবলিক ট্রান্সপোর্টে বাড়ী ফেরা এবং আয়োজনের সূচারুতার জন্যই এই এগিয়ে আনা, জানিয়েছে উয়েফা।