জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার রাত সোয়া আটটার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সংগঠনটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরকে পরে তাঁর সহযোগীরা হাসপাতালে নিয়ে যান।

সংঘর্ষের আগে একই এলাকায় সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরবর্তী ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় গণঅধিকার পরিষদ। রাত ৯টা পর্যন্ত উত্তেজনা চলতে থাকে।

এ সময় সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটকেল নিক্ষেপ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে যায়।

ঘটনার পরপরই জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স তাদের ফেসবুক পেজে এক পোস্টে ঘোষণা দেয়, ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস।’