বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কেউ ঠেকাতে পারবে না।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘ষড়যন্ত্র করে লাভ নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না। যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। অতএব, তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না।’
তিনি বলেন, ‘ছাত্র জনতা তথা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গণঅভ্যুত্থানের জনগণের আকাক্সক্ষা ছিল দ্রুত দেশে সুষ্ঠু ও অবাধ একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, বাক স্বাধীনতা ফিরে পাবে কিন্তু আমরা আজ তার উল্টোটা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রূপে। ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই যত দ্রুত জাতীয় নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল।’