প্রতিবেশীর শিশুসন্তান অপহরণের পর গ্রেপ্তার মতিন

প্রতিবেশীর ঘর থেকে দশ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়ায় অপহরণকারী আবদুল মতিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গত বুধবার দুপুরে অপহরণের ১৫ ঘণ্টা পর ওই শিশুকে উদ্ধার করা হয়। গতকাল র‌্যাব-৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণকারী আবদুল মতিন ও ভিকটিমের পরিবার প্রায় ৯-১০ মাস ধরে ঢাকা জেলার সাভার থানাধীন তেঁতুলঝড়া এলাকায় একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। গত বুধবার দুপুরে অপহরণকারী আবদুল মতিন ভিকটিমের পরিবারের অবর্তমানে দশ মাস বয়সী শিশু মো. ইব্রাহিমকে তাদের বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারী মোবাইলের মাধ্যমে ইব্রাহিমের বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে শিশুকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। অপহরণের অভিযোগে সাভার থানায় মামলা করলে র‌্যাব-৪ অনুসন্ধান শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪-এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে অপহরণ হওয়া শিশু ইব্রাহিম এবং আবদুল মতিনকে (৪১) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।