জয়পুরহাটে ধর্ষণ চেষ্টাকারীর লিঙ্গ কর্তন

জয়পুরহাটের কালায়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় মেজবাউল নামে এক ব্যক্তির লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মেজবাউল ইসলাম (৪২) ওই গ্রামের আলতাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে একই এলাকার এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষায় গৃহবধূ ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। পরে ঘটনাস্থল ত্যাগ করেন মেজবাউল।

এ ঘটনায় আহত মেজবাউল ইসলামকে তার পরিবার জেলার বাহিরে নিয়ে চিকিৎসা করাচ্ছে। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, ওই গৃহবধূ থানায় এসেছেন মামলা করেছে।  তবে মেজবাউল বা তার পরিবার পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি।