হাল আমলে আন্তর্জাতিক তারকাদের আগমনে ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগের বৈশ্বিক পরিচিতি অনেক বেড়ে গেছে। তারকাদের মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ নাম- নেইমার জুনিয়র, যিনি সৌদি আরবের আল হিলাল ক্লাব থেকে সান্তোসে ফিরে এসেছেন। এছাড়া মেমফিস ডিপাই আতলেটিকো মাদ্রিদ থেকে করিন্থিয়ানে যোগ দিয়েছেন। দুজনই এবার ব্রাজিল ফুটবলের পরিবেশ, পেশাদারিত্ব এবং মান নিয়ে সমালোচনায় মুখর হলেন।
সোশ্যাল মিডিয়ায় মেমফিস ডিপাই এবং নেইমার লিগের মাঠের কৃত্রিম ঘাস নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ‘এক্স’ অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘কৃত্রিম ঘাস খেলার মান নষ্ট করে। ব্রাজিল, কখন খেলোয়াড়দের কথা শুনবে?’ তার এই পোস্টটি মাত্র ২৪ ঘণ্টায় ৪৫,০০০ লাইক এবং ৪,৬০০ শেয়ার লাভ করেছে। ডিপাইয়ের পোস্টে নেইমার মন্তব্য করেছেন, ‘আমি একমত।’
গত কয়েক বছরে ব্রাজিলে কৃত্রিম ঘাসের ব্যবহার সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে প্রথম প্যালমেইরাস ক্লাব তাদের এলিয়াঞ্জ পার্ক স্টেডিয়ামে কৃত্রিম ঘাস স্থাপন করে। এরপর আরও কিছু ক্লাব এই পথে হাঁটছে, যেমন বোতাফোগোর স্টেডিও নিলটন সান্তোস এবং আটলেতিকো পারানেসের অ্যারেনা দা বাইশাদা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নেইমার বলেছিলেন, ‘ব্রাজিলীয় ফুটবল যেখানে যাচ্ছে, সেটা উদ্বেগজনক। আমাদের স্টেডিয়ামে কৃত্রিম টার্ফ ব্যবহার হওয়া এটা মেনে নেওয়া যায় না।’
গত বছর অ্যাতলেটিকো মিনেইরো তাদের অ্যারেনা এমআরভি রেনোভেট করার পরিকল্পনা ঘোষণা করেছে, যার মধ্যে কৃত্রিম ঘাস ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন উঠছে, কভ হবে ব্রাজিলের ফুটবলের ভবিষ্যত? কৃত্রিম ঘাস যদি আরও বিস্তার লাভ করে, তবে সেটার নেতিবাচক প্রভাবে ফুটবলের গুণগত মান ও বিশ্বজুড়ে ব্রাজিল ফুটবলের জনপ্রিয়তার ওপর কতটা প্রভাব পড়বে? এসব নিয়ে আলোচনা ও বিতর্ক এখনও চলছে।