'গুমের শিকার রিপনের মায়ের করুণ আর্তি, ‘আমার সন্তানের খোঁজ এনে দিন'। ফেনী প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন ও মতবিনিময়সভায় করুণ আর্তি জানিয়ে কথাগুলো বলছিলেন যুবদলের নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা।
আজ শনিবার দুপুরে ফেনী প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউনিট।
অধিকার ফেনী ইউনিটের ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার ফেনী ইউনিটের সদস্য সাংবাদিক শাহজালাল ভূঁইয়া। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের শিকার মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম।
ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক এম মামুনুর রশিদ, ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহমদ আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, দৈনিক সুপ্রভাত ফেনীর ভারপ্রাপ্ত সম্পাদক ফিরোজ আলম, জাসাস ফেনী জেলা কমিটির সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান।
এতে স্বাগত বক্তব্য রাখেন অধিকার প্রতিনিধি তন্বী সোম। বক্তব্য রাখেন গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, গুমের শিকার মাহবুবুর রহমান রিপনের বড় ভাই মাহফুজুর রহমান সোহাগ, মুস্তাফিজুর রহমান শিপু, কালের কণ্ঠ ও আরটিভি'র ফেনী প্রতিনিধি এম এ আকাশ প্রমুখ।
সভায় গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে (র্যাব) তুলে নিয়ে যায়। যার পেছনে আওয়ামী লীগের ফেনীর এক প্রভাবশালী নেতা জড়িত। বিএনপি যেই নেতা গাজী মানিকের অনুসারী ছিল আমার ছেলে, সেই গাজী মানিক আজ আমাদের খবর নেয় না। রিপন রুম হওয়ার পর মামলা নেয়নি থানা পুলিশ। আজও তার হসিদ পায়নি। আমার মতো অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১১ বছরও মেলেনি বিচার।
মানববন্ধন, র্যালি ও আলোচনাসভায় ফেনীতে গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা, ভাই, চাচাসহ স্বজনরা, মানবাধিকার সংগঠক ও আমন্ত্রিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।