খুলনায় বালুবাহী ট্রলি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

খুলনায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামে একজন নিহত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চায়ের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মফিজ মোল্লা গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নড়াইলের কালিয়া থেকে আসা একটি বালুবাহী ট্রলি এবং তেরখাদা থেকে কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইক চালক মফিজ মোল্লা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত মফিজ মোল্লাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া  ১১টার দিকে সে মারা যায়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “দুর্ঘটনা কবলিত ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলে রাখা রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।”