১৬ পদক জিতে জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার শেষ হয়েছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। ৫টি স্বর্ণ, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জসহ মোট ১৬ পদক নিয়ে আসরের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। প্রথম রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় রানার্স আপ হয়েছে মিরপুর ফেন্সিং ক্লাব। দুটি প্রতিষ্ঠানই জিতেছে ২টি করে ব্রোঞ্জ।

শনিবার মেয়েদের ফয়েল একক ইভেন্টে স্বর্ণ জেতেন জেসমিন আক্তার জুঁই ও রুপা নাজিরা খাতুন। ব্রোঞ্জও জিতেছেন দুজন, মেহজাবিন মোস্তফা ও এমিলি রায় ইশা। মেয়েদের সাবের এককে স্বর্ণ পেয়েছেন অঞ্জলী গোস্বামী। রুপা জিতেছেন মাহবুবা খাতুন। বোঞ্জ জিতেছেন দুজন-রোকসানা খাতুন ও সুমাইয়া আক্তার মুক্তা। এদের প্রত্যেকেই বাংলাদেশ আনসারের ফেন্সার। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান। ইপি, সেবার, ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেন প্রায় ১৭৫ জন ফেন্সার। আসরে ছিল না কোনো দলগত ইভেন্ট।