ইউএস ওপেনে ম্যাচ থামিয়ে গ্যালারিতে বিয়ের প্রস্তাব, সাবালেঙ্কার রসিকতা—‘চাপ নেই'

ইউএস ওপেন টেনিসে ম্যাচ থামিয়ে গ্যালারিতে যে দৃশ্য দেখা গেল, সেটিই রাতের সবচেয়ে আলোচিত মুহূর্ত। লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে নারী একক তৃতীয় রাউন্ডের ম্যাচ চলছিল আরিনা সাবালেঙ্কা ও লেইলা ফার্নান্দেজের মধ্যে। ঠিক তখনই এক তরুণ হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম ভরে ওঠে হাততালি আর উল্লাসে।

প্রেমিক আংটি হাতে তুলে ধরতেই মেয়েটি অবিশ্বাসে মুখ ঢেকে ফেলেন। এরপর তিনি মাথা নেড়ে ‘হ্যাঁ’ বলেন, আর মুহূর্তেই ১৪ হাজার দর্শকের সামনে আবেগঘন আলিঙ্গনে মেতে ওঠেন দুজন। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে দৃশ্যটি, সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিও।

ম্যাচ সাময়িক থেমে গেলেও ভালোবাসার এমন এক ‘এস’ মুহূর্তে আবেগাপ্লুত হন উপস্থিত সবাই। কোর্টের ভেতরও আনন্দ ছুঁয়ে যায় সাবালেঙ্কাকে। ম্যাচ শেষে তিনি বলেন,“প্রথমবার আমার ম্যাচ চলাকালীন কেউ বিয়ের প্রস্তাব দিল। খুবই মধুর এক মুহূর্ত ছিল। আমি হাসি আটকে রাখার চেষ্টা করছিলাম। ওদের জন্য আমি সত্যিই খুশি। আশা করি তাদের বিয়ে সুন্দর হোক। তখন আমি আমার প্রেমিকের দিকে তাকিয়েছিলাম, চাপ নেই (হাসি)।”

ফার্নান্দেজকে ৬-৩, ৭-৬ (৭/২) গেমে হারিয়ে শেষ ষোলোয় ওঠা সাবালেঙ্কার ওই মন্তব্য আরও হাস্যরস যোগ করেছে। কারণ, তাঁর প্রেমিক ব্রাজিলের উদ্যোক্তা ও মোটরসাইক্লিস্ট গিওরগিওস ফ্রানগুলিস প্রায়ই গ্যালারিতে থাকেন। ‘চাপ নেই’ বলে হয়তো সাবালেঙ্কা মজা করেই বোঝাতে চেয়েছেন—এখনই বিয়ে করার কোনো তাড়া নেই।

কোর্টে লড়াই যেমন চলছিল, তেমনি গ্যালারিতে প্রেমের এমন অনন্য দৃশ্য ইউএস ওপেনের ইতিহাসে যুক্ত করল আরেকটি অবিস্মরণীয় মুহূর্ত।