পেদ্রো-এনজোতে চেলসির জয়

নতুন ঠিকানায় অল্প সময়ে মানিয়ে নিয়ে দারুণ খেলছেন জোয়াও পেদ্রো। টানা দ্বিতীয় লিগ ম্যাচে করলেন গোল। আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও গোল করেন। তাতে আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে স্টামফোর্ড ব্রিজে চেলসি (২-০) হারিয়ছে ফুলহ্যামকে। ম্যাচের প্রথমার্ধে এক ভিএআর সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ফুলহ্যাম।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন কোল পালমারকে এ ম্যাচেও পায়নি চেলসি। ইংলিশ মিডফিল্ডারের শূন্যতা বুঝতে দেয়নি তার সতীর্থরা। ২১ মিনিটে চেলসির জালে বল পাঠান জস কিং। তিনি ভেবেছিলেন দলকে এগিয়ে দিয়েছেন। তবে ভিএআর দেখার পর রেফারি সিদ্ধান্ত দেন গোল হয়নি। কারণ বিল্ডআপের সময় রদ্রিগো মুনিজ ফাউল করেন চেলসির ট্রেভো চালোবাহকে।

প্রথমার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে সেট পিস গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফার্নান্দেজের কর্নারে হেডে বল জালে পাঠান গত জুলাইয়ে দলে যোগ দেওয়া পেদ্রো। প্রতিযোগিতামূলক ফুটবলে শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোল হলো পাঁচটি।

৫৬ মিনিটে ফুলহ্যামের ডি-বক্সে মিডফিল্ডার রায়ানের হাতে বল লাগলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেজ।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরুর পর, টানা দ্বিতীয় জয় পেল চেলসি। তিন ম্যাচে তাদের ৭ পয়েন্ট।