সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে তিনি মারা যান। এসময় আহত হন আরও ৪ জন বাংলাদেশি।
নিহত যুবক হলেন- কানাইঘাটের বড়চাতল গ্রামের খলিলুর রহমানের ছেলে আবদুর রহমান (৩০)।
পুলিশ ও বিজিবিসূত্র জানায়, শুক্রবার বিকালে আবদুর রহমানসহ কয়েকজন যুবক ভারত থেকে আসা চোরাচালানের মহিষ আনতে ওই সীমান্তে যান। তারা সীমান্তের শূন্যরেখা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই আবদুর রহমান নিহত হন এবং আহত ৪ জন দৌড়ে বাংলাদেশে চলে আসেন। আহতরা হলেন- জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমেল আহমদ। এদের কাছ থেকে আবদুর রহমান ভারতের অভ্যন্তরে নিহত হওয়ার বিষয়টি জানতে পারে বিজিবি ও পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল শনিবার সন্ধ্যায় জানান, নিহত আবদুর রহমানের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছে বিজিবি। এ ব্যাপারে কাজ চলছে।