লিটন-সাইফের ব্যাটে সহজ জয় বাংলাদেশের

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ১৩৭ রানের। অধিনায়ক লিটন দাসের ফিফটিতে বাংলাদেশ ম্যাচটা জিতেছে ৩৯ বল বাকি থাকতে ৮ উইকেটে। লিটন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩তম ফিফটিতে রেকর্ড করেছেন।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ১ উইকেটে ৫৭ রান। দলীয় ২৬ রানে উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ৯ বলে ১৫ রান করে আরিয়ান দত্তর বলে বোল্ড হন। তার ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা। এই ছক্কাতেই এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছুঁয়েছেন পারভেজ হোসেন। তাওহীদ হৃদয় ২০২৪ সালে ও তানজিদ হাসান এ বছর ২১টি ছক্কা মেরেছেন।

তানজিদের সামনে ছক্কার রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ ছিল। তবে ২ চারে ২৯ রান করে ফেরেন তানজিদ। বাকি পথ ভালোভাবেই পাড়ি দেন লিটন ও সাইফ হাসান।

লিটন ২৬ বলে ফিফটি পূর্ণ করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি লিটনের ১৩তম ফিফটি। এই সংস্করণে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসলেন লিটন। সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ, লিটন ১০৮ ম্যাচেই ছুঁলেন রেকর্ড।

শেষ পর্যন্ত ৬ চার ও ২ ছক্কায় ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। সাইফ ১৯ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ১ চার ও ৩ ছক্কা।

সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল। সোমবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।