নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ছাদ থেকে লাফ দিয়ে শাবনাজ আক্তার (২০) নামে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন বিসিক শিল্পনগরীর এনআর গার্মেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
শাবনাজ আক্তার (২০) এনআর গার্মেন্টের শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পারাইল চর এলাকার মো. বারেক মিঞার মেয়ে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার হারুন মিঞার বাড়িতে ভাড়া থেকে কাজ করছিলেন।
কারখানার কর্মীরা জানান, হঠাৎ করে ভবনের ছাদ থেকে নিচে পড়ার শব্দ শুনে নিরাপত্তাকর্মীরা দৌড়ে গিয়ে শাবনাজকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাবনাজ আক্তার আত্মহত্যা করেছেন। তবে এর পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”