বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সবচেয়ে বেশি বেতন পাওয়া ক্রিকেটার তাসকিন আহমেদ। সবচেয়ে মূল্যবান হলেও চোট আঘাতের কারণে তাকে নিয়মিত একাদশে পাওয়াটা হয়ে উঠেছিল কঠিন। কিছুদিন আগে গোড়ালির চোটে ডাক্তার দেখাতে গিয়েছিলেন ইংল্যান্ডে। মাঠে ফেরা তাসকিনের ঝাঁঝটা ভালভাবেই টের পেয়েছে নেদারল্যান্ডস, ২৮ রানে ৪ উইকেট নিয়ে এই ডানহাতি পেসারই লাগাম পড়িয়েছেন ডাচ ব্যাটিংকে। ম্যাচশেষে তাসকিন জানালেন, পরিস্থিতি অনুযায়ী বোলিং করেই সফল হয়েছেন সিলেটে।
সংবাদ সম্মেলনে তাসকিন জানিয়েছেন, 'আলহামদুলিল্লাহ, সিরিজের প্রথম ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে জিততে পেরেছি। কন্ডিশনটা ছিল বেশ ভালো, উইকেট ছিল ব্যাটিং-ফ্রেন্ডলি। তবে ডিউ ফ্যাক্টরের কারণে বোলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে প্রতিপক্ষকে তুলনামূলকভাবে কম স্কোরে থামাতে পেরেছি। উইকেটটা ছিল স্পোর্টিং, আর আমার কাছে মনে হয়েছে এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটিং ট্র্যাক। একটু চ্যালেঞ্জিং হলেও পুরোটা আমি উপভোগ করেছি।' সেরা ব্যাটিং উইকেটে বল হাতে ৪ উইকেট নেয়ার পেছনে তাসকিন জানিয়েছেন মাথা খাটিয়ে বল করার কথা, ' ফাস্ট বোলার হিসেবে আমি জোরেই বোলিং করতে চায়। তবে পরিস্থিতি অনুযায়ী বুঝে বল করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যে পরিস্থিতিতে আমি আসছি (বোলিং করতে); পাওয়ার প্লে তে আসছি, মিডে (মাঝের ওভারে) আসছি, আবার ডেথে (শেষের দিকে) আসছি, যে পরিস্থিতিতে যে রকম বোলিং করার কথা আলহামদুলিল্লাহ আমি ভালই করেছি। টি-টোয়েন্টি খেলায় আসলে অনেক সময় ভাল বলেও বাউন্ডারি হয় আবার ভাগ্য ভাল হলে খারাপ বলেও উইকেট পাওয়া যায়। তবে আজকে সার্বিকভাবে বোলিং বৈচিত্র্যটা ভালভাবে কাজে লাগাতে পেরেছি তাই সঠিক সময়ে উইকেটগুলো পেয়েছি।' সিরিজের সবগুলো ম্যাচ খেলবেন নাকি এশিয়া কাপের আগে কিছুটা বিশ্রাম নিয়ে অন্যদের জন্য সুযোগ করে দেবেন, এমন প্রশ্নে তাসকিনের উত্তর, 'আমাদের ফিজিও এবং ট্রেনাররা সবসময় বোলারদের লোড মনিটর করছেন—ওয়ার্কলোড বেশি হচ্ছে নাকি কম, সেটি খেয়াল রাখছেন। আলহামদুলিল্লাহ, যদি ফিট থাকি এবং সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আর এই রোটেশন প্রয়োজন নাও হতে পারে। তবে যেহেতু সামনে এশিয়া কাপ রয়েছে, দল চাইলে হতেও পারে। যেটাই হোক না কেন, আমি আমার বর্তমানকে বেশি উপভোগ করতে চাই। এই মুহূর্তে যা আসে—ট্রেনিং থাকলে ট্রেনিং, ম্যাচ থাকলে ম্যাচ।'
শ্রীলঙ্কা, পাকিস্তান...এরপর নেদারল্যান্ডস; সামনে এশিয়া কাপ। তাসকিন দিনে দিনে হয়ে উঠতে চান আরো ধারাল, প্রখর এক উইকেট শিকারী, 'ইনজুরি থেকে সেরে ওঠার পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু করেছি। তবে রিদমে ফিরতে শুরুতে কিছুটা কষ্ট হচ্ছিল। এখন ধীরে ধীরে পরিস্থিতি ভালো হচ্ছে। গত কয়েক সপ্তাহে অনেক পরিশ্রম করেছি—ট্রেনিংসহ সবকিছু মিলিয়ে রিদমটা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমার মনে হয় এখনও অনেকটা পথ বাকি আছে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখেন তবে আরও ভালো হবে। সেই নিয়েই কাজ করছি। উইকেট পাওয়ার বিষয়টা আসলে রিদমের সঙ্গে সম্পর্কিত। এই প্রক্রিয়াটাই ফলো করে যাচ্ছি যাতে সামনে আরও ভালো করতে পারি, ইনশাআল্লাহ।'
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের জন্য আশীর্বাদ তাই বলছেন তাসকিন। 'টি-টোয়েন্টি ব্যাটারস গেম। একেক দিন একেক জনের (বোলারের) ওপর দিয়ে যায়। অনেক রান খরচ হয়।'
সাইফ হাসান ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন। ছক্কা হাঁকান তিনটি। সাইফ ও লিটনের ইনিংস নিয়ে তাসকিন বলেন, 'সাইফ বোলিংয়ে দুই উইকেট নিয়েছে, ব্যাটে ভালো করেছে। লিটনের ফর্মে থাকাটা দলের জন্য ভালো। স্পোর্টিং কন্ডিশনে যে কোন একদিক দিয়ে জেতা সম্ভব নয়।'