ইসরায়েলি হামলায় হুতিদের প্রধানমন্ত্রীর নিহত

চলতি সপ্তাহে ইসরায়েলের এক বিমান হামলায় রাজধানী সানায় হুতি সরকারের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেনের হুতিরা।

শনিবার দেওয়া এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, বৃহস্পতিবার সানায় এক হামলায় প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি কয়েকজন মন্ত্রীর সঙ্গে নিহত হয়েছেন।

হুতিদের দাবি, আল-রাহাওয়ি তাদের নিয়ন্ত্রিত এলাকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এক কর্মশালার সময় তাকে অন্যান্য হুতি-নেতৃত্বাধীন সরকারের সদস্যদের সঙ্গে লক্ষ্যবস্তু করা হয়।

হুতিদের বিবৃতিতে বলা হয়, ওই হামলায় কয়েকজন মন্ত্রীও নিহত হয়েছেন, তবে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী সানার এলাকায় ‘হুতি সন্ত্রাসী শাসনের সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।

গত কয়েক মাস ধরে ইসরায়েল বারবার হুতি অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে। অন্যদিকে হুতিরা ইসরায়েল ও পশ্চিমা জাহাজগুলোকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে টার্গেট করছে, যা তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থন প্রদর্শনের অংশ বলে দাবি করে আসছে।

গ্রুপটি বারবার বলেছে, ইসরায়েলি হামলা তাদের সামরিক কার্যক্রমকে কোনোভাবেই থামাতে পারবে না।

বুধবার হুতিরা দক্ষিণ ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে, যদিও দেশটি দাবি করেছে যে হামলাটি প্রতিহত করা হয়েছে।