মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা

সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণ করে নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। গত ২৮ আগস্ট মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক-কথাসাহিত্যিক আনিসুল হক। ২১তম বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। বিতর্ক শেখার কর্মশালায় সবাইকে স্বাগত জানান মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর-সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাফায়েত উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক সোহেলী নাজির।

উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন অডিটরিয়ামে আয়োজিত বিতার্কিক বিনির্মাণের তিন দিনের কর্মশালায় অংশগ্রহণ করে ৬০০-এর অধিক তরুণ বিতার্কিক। ২১তম বিতর্ক কর্মশালার শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যাদের হারিয়েছি, তাদের ভোলা যাবে না। সব সময় তাদের শ্রদ্ধা করতে হবে। ভালোবাসতে হবে। স্মরণে রাখতে হবে। এর জন্য সবচেয়ে ভালো উপায় হিসেবে শিক্ষার্থীদের নিজেদের ভালোভাবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। আনিসুল হক বলেন, জীবন থেমে থাকবে না। জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের গড়ে তোলার মধ্য দিয়েই হারানো স্বজনদের শ্রদ্ধা জানাতে হবে। বিজ্ঞপ্তি