ভয়েস অব আমেরিকায় বড় ধাক্কা: শত শত সাংবাদিক ছাঁটাই

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) থেকে একযোগে পাঁচ শতাধিক কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পায়।

দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস ভিওএ-কে ‘চরমপন্থি ভাবধারার’ প্রতিষ্ঠান হিসেবে সমালোচনা করে আসছিল। এবার সংস্থাটিকে সীমিত আকারে নিয়ে আসার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিওএর মূল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)-এর ভারপ্রাপ্ত প্রধান কারি লেক বলেন, এই ছাঁটাই আমলাতান্ত্রিক জটিলতা কমাবে, কার্যক্রম আরও গুছিয়ে আনবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে।

তবে কর্মচারীদের ইউনিয়ন এটিকে অবৈধ পদক্ষেপ হিসেবে নিন্দা জানিয়েছে। 

তারা বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণা মোকাবিলায় প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যমে পরিণত হয়েছে, অথচ এটিকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।

ইউএসএজিএম জানায়, মোট ৫৩২টি পদ বিলুপ্ত করা হবে, যার অধিকাংশই ভিওএর আওতাধীন। এতে শেষ পর্যন্ত কেবল ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন। আদালতে জমা দেওয়া নথিতেও বিষয়টি উল্লেখ রয়েছে।

এর আগে গত জুনে ছয় শতাধিক কর্মীকে চাকরিচ্যুত করার ঘোষণা দেওয়া হলেও প্রক্রিয়াগত ত্রুটির কারণে তা কার্যকর হয়নি। পরে কিছু কর্মী আদালতে মামলা করেন। সম্প্রতি আদালতের এক রায়ের পর নতুন করে এ ঘোষণা আসে।