বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের গত পাকিস্তান সিরিজটা খুব বাজে কেটেছে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও লিটন দুই অংকে যেতে পারেননি। তিন ম্যাচে করেছেন যথাক্রমে- ১, ৮, ৮। সেই লিটনই নেদারল্যান্ডসের বিপক্ষে রান তাড়ায় অপরাজিত ফিফটি করে দলকে জিতিয়েছেন, যা এশিয়া কাপের আগে বড় সুখবর।
ছন্দে থাকা লিটনের ব্যাটিং দেখার চেয়ে উপভোগ্য আর কিছু হতে পারে না। গতকাল শনিবার সিলেটে ২৯ বলে ৬ চার ২ ছক্কায় অপরাজিত ৫৪ রানের ইনিংসটিও ছিল দেখার মতো। এদিন ত্রয়োদশ ফিফটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বাধিক ফিফটিতে সাকিব আল হাসানকে স্পর্শ করেন তিনি। লিটন ছন্দে থাকায় বড় আসরের আগে তাসকিন আহমেদকে আশাবাদী করছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেছেন, ‘লিটন অসাধারণ ব্যাট করেছে। দলে তার ফর্মে থাকা খুব গুরুত্বপূর্ণ।' সে ধীরে ধীরে আবার নিজের ছন্দ ফিরে পাচ্ছে। যদি ধারাবাহিক হতে পারে, সামনে বড় টুর্নামেন্টগুলোতে দারুণ করবে বলে আমি বিশ্বাস করি। সাইফও দারুণ অবদান রেখেছে। প্রথমে দুই উইকেট নিয়েছে, পরে দারুণ ব্যাট (১৯ বলে ৩৬*) করে ম্যাচ শেষ করেছে।’