দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগতে থাকা বাবর আজম আসন্ন এশিয়া কাপের দলে সুযোগ পাননি। এই ফাঁকে তিনি অংশ নিয়েছেন পাকিস্তানের বন্যাদূর্গতদের সহায়তায় একটি প্রদর্শনী ম্যাচে। পেশোয়ার জালমির হয়ে ওপেন করতে নেমে পাকিস্তান লেজেন্ডস একাদশের হয়ে খেলতে নামা সাবেক গতি তারকা শোয়েব আখতারকে তিনি বেদম পিটুনি দিয়েছেন।
প্রদর্শনী ম্যাচটিতে খেলেছেন পাকিস্তানের আরেক পেস মহাতারকা ওয়াকার ইউনিস। তার করা প্রথম ওভারটি দেখেশুনেই খেলতে হয়েছে বাবরদের। পরের ওভারেই শোয়েবকে পেয়ে বাবর রানের গতি বাড়ান। দীর্ঘদিনের হাঁটুর চোটে গতি কমে আসা ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বাবরের সামনে যেন অসহায় হয়ে পড়েন। বাবর তার বলে প্রথমে একটি ছক্কা হাঁকান, এরপর হাঁকান টানা দুটি বাউন্ডারি।
একসময় বিশ্বজুড়ে সকল ব্যাটারদের ত্রাস শোয়েবকে এভাবে পিটুনি খেতে দেখে দর্শকরা বিনোদন পেয়েছেন। বয়সের ভারে ভারাক্রান্ত বিশ্বের সবচেয়ে গতিময় ডেলিভারির মালিক শোয়েবের জন্য অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় দুঃখও প্রকাশ করেছেন। ঝড়ো সূচনা করলেও বাবর আজম অল্পের জন্য হাফ-সেঞ্চুরি পাননি। সাবেক স্পিনার সাঈদ আজমল তার স্টাম্প উপড়ে দেন।
বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা ও স্ট্রাইক রেট নিয়ে সমালোচকদের নিশানায় আছেন বাবর। তাই আসন্ন এশিয়া কাপের দলে তার জায়গা হয়নি। তার বদলে সুযোগ পেয়েছেন সর্বশেষ পিএসএলে দুর্দান্ত পারফর্ম করা সাহিবজাদা ফারহান। তবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ভবিষ্যতে ফর্মে ফিরতে পারলে আবারও টি-টোয়েন্টি দলে সুযোগ হবে বাবরের।