সদ্য মুক্তিপ্রাপ্ত টলিউডের বাম্পারহিট সিনেমা ‘ধূমকেতু’ এবার দেখা যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ও দেব-শ্রভশ্রী জুটির এই ছবিটির প্রযোজক রানা সরকার সম্প্রতি ঢাকায় ভারতীয় উপহাইকমিশনে সিনেমাটি মুক্তির জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছিলেন।
এর আগেও সামাজিক মাধ্যমে তিনি বাংলাদেশে সিনেমাটি মুক্তির আগ্রহ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এবার তিনি সরাসরি উপহাইকমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে আবেদন জমা দেন।
রানা সরকার বলেন, ‘বাংলাদেশে দেব-শুভশ্রীর অনেক ভক্ত রয়েছেন। তাদের আবেগ ও অনুরোধের জায়গা থেকেই এই পদক্ষেপ নিয়েছি। হাইকমিশনের সঙ্গে আমাদের ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, দেখা-সাক্ষাৎ হয়েছে। এখন প্রক্রিয়াগত বিষয়গুলো শুরু হবে।’
তবে ঠিক কবে বাংলাদেশে ‘ধূমকেতু’ মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি প্রযোজক। তিনি জানান, ‘বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করা হবে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কিছু আইনগত বিষয় আছে, যা দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে।’